সাভার (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ২৩:৩৬ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩ ১১:৩৪ এএম
নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। প্রবা ফটো
সাভারের আশুলিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শিউলি আক্তার। তিনি সাভারের বক্তারপুরের বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে করে বাইপাইল যাওয়ার পথে পেছন থেকে অজ্ঞাতপরিচয় একটি গাড়ি ধাক্কা দেয়। এতে আরোহী শিউলি আক্তার ও চালক রাশেদ সড়কে পড়ে যান। এতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে শিউলির মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তারা থানায় এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মোটরসাইকেলে ধাক্কা দেওয়া অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা করছি।