সিলেট অফিস
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১৭:৩৪ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩ ১৭:৫১ পিএম
সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’। প্রবা ফটো
সিলেটে একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি। মহানগরে মাত্র দুই কিলোমিটারের ব্যবধানে একই সময়ে পাল্টাপাল্টি সমাবেশ করছে দল দুটি।
বিএনপির সহযোগী তিন সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমাবেশ চলছে আলিয়া মাদ্রাসা মাঠে এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সমাবেশ হচ্ছে রেজিস্টারি মাঠে।
রবিবার (৯ জুলাই) বেলা ৩টা থেকে দুই সমাবেশেরই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। একই সময়ে দুটি প্রধান রাজনৈতিক দলের সহযোগী সংগঠনগুলোর কর্মসূচি ঘিরে জনমনে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
এদিকে উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকাল থেকে মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের অবস্থান দেখা গেছে।
বেলা ৩টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ‘তারুণ্যের সমাবেশ’ শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া উপস্থিত থাকবেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। সমাবেশে যোগদানের জন্য দুপুর থেকে মিছিল নিয়ে সিলেটের বিভিন্ন স্থান থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ছুটে এসেছেন।
অন্যদিকে মহানগরের রেজিস্টারি মাঠে বেলা ৩টায় ‘তারুণ্যের জয়যাত্রা’ নামে জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে সমাবেশ শুরু হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ জানান, রাজনৈতিক দলগুলোর কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগরের বিভিন্ন স্থানে সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে আছে।