নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১২:৩০ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩ ১২:৫৫ পিএম
নিখোঁজ আমির হোসেন। প্রবা ফটো
নোয়াখালীর সুবর্ণচরে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে আমির হোসেন নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ সময় তার সঙ্গে নদীতে নামা অপর দুই বন্ধুকে স্থানীয় জেলেরা উদ্ধার করেন।
এদিকে ঘটনার পরদিন রবিবার (৯ জুলাই) সকাল ১০টা পর্যন্ত নিখোঁজ আমিরের সন্ধান মেলেনি। এর আগে গতকাল শনিবার বিকালে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শিউলি একরাম বাজার সংলগ্ন নদীর বোয়ালখালী ঘাটে নেমে নিখোঁজ হন ওই যুবক।
নিখোঁজ আমির সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলী আহমদ চৌকিদারের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আমিরের চাচাতো ভাই শামছু উদ্দিন বলেন, শনিবার বিকাল ৪টার দিকে আমিরসহ ১০ থেকে ১২ জন বন্ধু মিলে চর জুবলি থেকে বোয়ালখালী ঘাটে মেঘনা নদীর পাড়ে যান। নদীতে তখন ভাটা থাকায় তিন বন্ধু পায়ে হেঁটে নদীর পাড় থেকে প্রায় ১০০ মিটার ভেতরে যান। পরে জোয়ার শুরু হলে তারা তীরে ফিরতে পারেননি। একপর্যায়ে জোয়ারের পানিতে ভেসে যান। পরে স্থানীয় জেলেরা দুইজনকে জীবিত উদ্ধার করতে পারলেও খোঁজ মেলেনি আমিরের।
ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমি ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। ঘটনার সঙ্গে সঙ্গে জানালে দ্রুত উদ্ধারে ব্যবস্থা নিতে পারতাম। আমাদের সেখানে ফিশিং বোটসহ অনেক বোট রয়েছে। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুবর্ণচরের সাব-অফিসার মো. নূরন্নবী বলেন, ‘আমরা নিখোঁজের বিষয়টি সম্পর্কে অবগত নই। এলাকা থেকে কেউ আমাদের জানায় নাই। যদি জানতাম তাহলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতাম।’