ঝালকাঠি প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩ ১১:৫৮ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩ ১২:০৬ পিএম
ফাইল ছবি
ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছেন চারজন। এখনও নিখোঁজ রয়েছেন আরও চারজন। রবিবার (২ জুলাই) সকাল ৯টা থেকে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ডের ডুবুরি দল ও বিআইডব্লিউটিএর কর্মীরা।
নিখোঁজদের স্বজনরা তাদের প্রিয় মানুষের খোঁজ পেতে সুগন্ধা নদীতে ট্রলার নিয়ে ঘুরছেন। জাহাজের নিখোঁজ মাস্টার রুহুল আমিনের পিতা প্রশাসনের কাছে তার ছেলেকে উদ্ধারের দাবি জানিয়েছেন।
এদিকে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজটি থেকে শনিবার সন্ধ্যার পর থেকে রাত ৩টা পর্যন্ত চার লাখ লিটার তেল সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে তেলের ডিপোতে তেল খালাসের জন্য ১১ লাখ লিটার পেট্রোল ও ডিজেল ভর্তি করে আসে।
ঝালকাঠির পৌর এলাকার সুগন্ধা নদীতে শনিবার (১ জুলাই) দুপুর ২টা ১০ মিনিটের দিকে তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২-এ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শ্রমিক শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭) ও মাইনুল ইসলাম হৃদয় (২৯) বরিশালে চিকিৎসাধীন রয়েছেন।