× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অষ্টগ্রামে বিএনপির মিছিলে হামলা, আহত ৩০

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০১ জুলাই ২০২৩ ২২:২৮ পিএম

আপডেট : ০১ জুলাই ২০২৩ ২২:৪৫ পিএম

কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ।  প্রবা ফটো

কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ। প্রবা ফটো

কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১ জুলাই) বেলা দেড়টার দিকে উপজেলা সদরে বিএনপি কার্যালয়ের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে। হামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুলসহ অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। 

এ সময় ভাঙচুর করা হয় সাত থেকে আটটি মোটরসাইকেল। উপজেলা বিএনপির অভিযোগ, পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ-যুবলীগ এ হামলা করেছে। এ নিয়ে পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগ-যুবলীগের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ ঘটনায় যুবদলের কেন্দ্রীয় সহমানবাধিকার বিষয়ক সম্পাদক মাহাবুব আলম আক্তারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেলকে গ্রেপ্তারের প্রতিবাদে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি ছিল বিএনপির। এ উপলক্ষে শনিবার সকাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য ফজলুর রহমানের নেতৃত্বে উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জিরোপয়েন্ট এলাকায় জড়ো হতে থাকেন। দুপুরে সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশের উদ্দেশে অষ্টগ্রাম সদর বাজারে বিএনপি কার্যালয়ের দিকে যেতে থাকে। কার্যালয়ের সামনের সড়কে মিছিলটি যাওয়ার সময় ছাত্রলীগ-যুবলীগও একটি মিছিল নিয়ে ওই এলাকায় আসে।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, ছাত্রলীগ-যুবলীগ বিনা উস্কানিতে পুলিশের নেতৃত্বে তাদের ওপর হামলা চালায়। চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। এ সময় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা রামদা, হকিস্টিক, লোহার রড ইত্যাদি নিয়ে মিছিলে হামলা চালায়। পুলিশ উপস্থিত থেকে পেটানোর নির্দেশ দেয়। হামলায় ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জেমস বলেন, ‘বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি ছিল জিরো পয়েন্টে। সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৪ তারিখ অষ্টগ্রামে আসবেন। এ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা বাজার এলাকায় মিছিল করছিলেন। বিএনপির লোকেরা লাঠিসোঁটা নিয়ে বাজারে প্রবেশ করে মিছিলে অতর্কিতে হামলা চালায়। এতে ১০-১৫ জন নেতাকর্মী আহত হন। এ খবর চতুর্দিকে ছড়িয়ে পড়লে আরও নেতাকর্মী আসেন। পরে পাল্টাপাল্টি ধাওয়া হয়।’

অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বলেন, ‘বিএনপির মিছিল থেকে ছাত্রলীগ ও যুবলীগের উদ্দেশে দু-তিনটি ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।’ পুলিশের বিরুদ্ধে আনা পক্ষপাতিত্বের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা