সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩ ১৬:৪৭ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৩ ১৮:৫০ পিএম
সংঘর্ষে নিহত সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান
সুনামগঞ্জের শাল্লায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে হাবিবুর রহমান নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ জুন) দুপুরে উপজেলার সাতপাড়া বাজারে সংঘর্ষ ঘটে। আহতদের শাল্লা, আজমিরীগঞ্জ ও হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, শাল্লার সাতপাড়া বাজারের একটি জমি নিয়ে পাশের গ্রাম কার্তিকপুরের মুজিবুর রহমান ও ইউসুফ মিয়ার লোকজনের মধ্যে বহুদিন ধরে বিরোধ ছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। মঙ্গলবার সকালে এ দোকানের জমি দখল করতে যায় ইউসুফ মিয়ার পক্ষের নিক্সন মিয়াসহ কয়েকজন। তারা সেখান দোকানঘর নির্মাণ শুরু করলে মুজিবুর রহমানের লোকজন বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষে সংঘর্ষ হয়।
সংঘর্ষ ঠেকাতে গিয়ে সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান ছুরিকাঘাতে গুরুতর আহত হন। আজমিরীগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। দেশি অস্ত্র নিয়ে চলা ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষ ঠেকাতে গিয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর আলিম উদ্দিন আহত হন।
ওসি বলেন, সংঘর্ষ ঠেকাতে ৯ রাউণ্ড গুলি ছুড়েছে পুলিশ। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ইউপি চেয়ারম্যান ছাত্তার মিয়া বলেন, সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ ঠেকাতে গিয়ে সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান ছুরিকাঘাতে গুরুতর আহত হন। আজমিরীগঞ্জ হাসপাতালে নেওয়র সময় পথেই তিনি মারা যান।