ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৩ ২২:২৮ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৩ ২২:৫১ পিএম
তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কবিরাজ রঞ্জিত চন্দ্র। ছবি : সংগৃহীত
দিনাজপুরের ফুলবাড়ীতে ঝাড়ফুঁকের নামে তরুণীকে ধর্ষণের অভিযোগে রঞ্জিত চন্দ্র নামে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জুন) রাতে উপজেলার বলিহরপুরের ঝাড়কাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৩ জুন) গ্রেপ্তারের বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম।
তিনি বলেন, ‘ওই তরুণী নিজেই বাদী হয়ে বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর রাতেই অভিযুক্ত রঞ্জিত চন্দ্রকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
মামলার এজাহার থেকে জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার ওই তরুণী ২০১৭ সাল থেকে শরীর জ্বালাপোড়াসহ নানান রোগে ভুগছিলেন। বিভিন্ন সময়ে চিকিৎসা নিয়েও সুস্থ না হওয়ায় প্রতিবেশীরা কবিরাজ রঞ্জিত চন্দ্রের খোঁজ দেন। গত ২ জুন বিকালে তার মাসহ ওই তরুণী কবিরাজের (স্থানীয়ভাবে কবিরাজকে ওঝা বলা হয়) বাড়িতে যান। রঞ্জিত ঝাড়ফুঁক শেষে তরুণীর পরিবারকে জানায় তাকে (তরুণীকে) বাড়িতে রেখেই চিকিৎসা করতে হবে। রঞ্জিতের কথায় রাজি হয়ে তরুণীসহ তার মা ওই বাড়িতে অবস্থান করেন।
পারিবারিক সমস্যার কারণে গত ৬ জুন তরুণীকে রেখে তার মা বাড়িতে চলে যান। ৯ জুন রাতে রঞ্জিত ওই তরুণীর ঘরে প্রবেশ করে তাকে 'ধর্ষণ' করেন। পরদিন তরুণী বাড়ি যেতে চাইলে রঞ্জিত বাধা দেয়। ১২ জুন তিনি কৌশলে বিষয়টি পরিবারকে জানান বলেও এজাহারে উল্লখ করা হয়।
বৃহস্পতিবার রাতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করার পর ওই তরুণী বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফুলবাড়ী থানায় মামলা করেন।