ভোলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৩ ২০:৪৫ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৩ ২০:৫৯ পিএম
সংগৃহীত ফটো
ভোলার লালমোহন উপজেলায় একটি বসতঘরে আগুন লেগে আনোয়ারা বিবি নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ৭৫ বছর বয়সি ওই বৃদ্ধা ঘরটিতে একাই থাকতেন।
শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ’বৃহস্পতিবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের বগিরচর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’
ওসি জানান, আনোয়ারা বিবির স্বামী নেই। ছেলেরা বিয়ে করে অন্যত্র থাকেন। বেশ কয়েক মাস ধরে শারীরিকভাবে অসুস্থ হয়ে ঘরেই থাকতেন। মাঝেমধ্যে নিজেই রান্না করে খেতেন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, ’আনোয়ারা বিবির ঘরে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। একটি ঝুপড়ি ঘরে তিনি একাই থাকতেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা তার ঘরে অগ্নিকাণ্ড দেখতে পান। ততক্ষণে তিনি পুড়ে মারা যান। ধারণা করা হচ্ছে, চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।’
ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক উল্লেখ করে লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল জানান, আনোয়ারা বিবির পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাহায্য করা হবে।