শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৩ ১৫:২১ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৩ ১৬:৪০ পিএম
পুলিশ হেফাজতে মাহমুদুল আলম বাবুকে আদালতে নেওয়ার সময় তোলা। ছবি : সংগৃহীত
বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি এবং একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে।
শুক্রবার (২৩ জুন) দুপুর ২টার দিকে তাকে জামালপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়।
এর আগে রবিবার জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মাহমুদুল আলম বাবুকে দুপুর ১টা ৪৫ মিনিটে আদালতে আনা হয়েছে। বিকাল সাড়ে ৩টার দিকে তাকে জামালপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালতে তোলা হবে।
১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০-১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন বিকাল পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।