সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৩ ২১:৫৬ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩ ২২:০৮ পিএম
সিদ্ধিরগঞ্জ বাজারে হিরো আলম নামে গরু। প্রবা ফটো
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গরুর নাম রাখা হয়েছে হিরো আলম, যার দাম হাঁকা হয়েছে ১৬ লাখ টাকা। হিরো আলমকে একনজর দেখতে হাটে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। বৃহস্পতিবার (২২ জুন) সিদ্ধিরগঞ্জ বাজারে গিয়ে দেখা যায় গরুটি একনজর দেখতে ভিড় করছেন অনেকে। চার বছর বয়সি এই গরুর ওজন ৩০ মন।
গরুর মালিক কাউসার রহমান বলেন, ‘আমার গরুটি হিরোর মতো দেখতে। তাই গরুটির নাম রেখেছি হিরো আলম। প্রতিদিন প্রায় সাড়ে ৬০০ টাকার খাবার খাওয়ানো হয় হিরো আলমকে। বিক্রি করতে বাজারে নিয়ে এসেছি। দাম চাচ্ছি ১৬ লাখ টাকা।’
প্রতি বছরের মতো এবারও সিদ্ধিরগঞ্জে বসেছে কোরবানির পশুর হাট। তিন একর জমিতে বসানো হাটে ইতিমধ্যে প্রায় সাড়ে তিনহাজার পশু চলে এসেছে বলে জানিয়েছেন হাট কর্তৃপক্ষ। এবারের সিদ্ধিরগঞ্জ হাটের প্রধান আকর্ষণ হলো ‘হিরো আলম’ ও ‘রাজা’। হিরো আলম ও রাজার জন্যে হাটটি জমজমাট। গরু দুটি দেখতে ও ছবি তুলতে প্রতিদিন দর্শনার্থী ভিড় করছেন হাটে।

সিরাজগঞ্জের শাহজাদপুরের ‘রাজার’ ওজন এক হাজার কেজি। গরুটির গায়ের রঙ কালো। এর মালিক বলেন, ‘রাজাকে প্রতিদিন এক হাজার টাকা মূল্যের খাবার খাওয়ানো হয়। খাদ্য তালিকায় রাখা হয় গমের ভুসি, ছোলা, সবুজ ঘাস ও খড়। পালন করা কয়েকটি গরুর মধ্যে রাজার আকার বড় হওয়ায় এ নাম রেখেছি।’
হাটের ইজারাদার শাহ্ আলম বলেন, ‘আমাদের হাটে সাড়ে তিন হাজারেরও বেশি গরু এসেছে। যার মধ্যে হিরো আলম ও রাজা এ দুটি গরু নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।’