রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৪:১৪ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৭:২১ পিএম
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালুপাড়াগাঁও এলাকা থেকে বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাজমুল হাসান বড়ালুপাড়াগাঁওয়ের বাসিন্দা।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর হুমায়ুন কবির মোল্লা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
হুমায়ুন কবির জানান, ২০২১ সালে বড়ালুপাড়াগাঁও এলাকায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাংচুর করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়। ওই ঘটনায় কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন নয়জনের নাম উল্লেখ করে মামলা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে বড়ালুপাড়াগাঁও এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নাজমুল হাসানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর হুমায়ুন কবির।
অন্য আসামিদের বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি।
প্রবা/রাই/টিকে