ভোলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৩ ১৮:৩৭ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩ ১৮:৪১ পিএম
ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে (এমপি) হত্যার হুমকির ঘটনায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বরিশালের সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে।
রবিবার (১৮ জুন) আদালতে মামলাটি করেন ভোলার দৌলতখান প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ আবু তাহের। তিনি মামলার এজাহারে নিজের পরিচয়ে হিসেবে এমপি আলী আজম মুকুলের একজন রাজনৈতিক কর্মী হিসেবেও উল্লেখ করেছেন।
এদিকে ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল তার নিজ সংসদীয় এলাকায় খুবই জনপ্রিয়। সম্প্রতি দৌলতখান উপজেলার নুর মিয়ার হাট এলাকায় হামলা, ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় স্থানীয় এমপির কোনো প্রশ্রয় না পেয়ে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন সরদার গত ৩ জুন হোয়াটসঅ্যাপে ভিডিওকলে আবু কালাম আজাদ নামে জনৈক এক ব্যক্তির সঙ্গে কথা বলে সংসদ সদস্যকে হত্যার হুমকি দেন। এরপর সেই ফোনালাপের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আবু তাহের বলেন, এমপির অনুমতি পেয়ে তিনি গত ১৭ জুন বোরহানউদ্দিন থানায় মামলা করতে গেলে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেয় পুলিশ।
অভিযুক্ত চেয়ারম্যান আলাউদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
তবে বাদী জানান, নুর মিয়ার হাট এলাকায় হামলা-ভাঙচুরের ঘটনার সময় চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের ছেলে রোহান সরদার ছিলেন। আর তাকেসহ পুলিশ কয়েকজনকে ওই ঘটনায় আটক করে। এ সময় সংসদ সদস্যের কাছে সহায়তা চাইলে তিনি সন্ত্রাসী কার্যক্রমের পক্ষে না থাকার কথা জানিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার হুমকি দেন আলাউদ্দিন।
বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির হোসেন মিঞা বলেন, বরিশাল ট্রাইব্যুনাল আদালত থেকে নোটিশ এসেছে। এ ঘটনায় আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।