বরগুনা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩ ২০:২৬ পিএম
লরির ধাক্কায় নিহত মো. রেজাউল। সংগৃহীত ছবি
বরগুনার আমতলীতে বালু পরিবহন করা লরির ধাক্কায় মো. রেজাউল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ জুন) বিকাল ৫টার দিকে গুলিশাখালী ইউনিয়নের বাইন বুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রেজাউল উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বাইন বুনিয়ার আলতাফ হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি একেএম মিজানুর রহমান বলেন, শুক্রবার বিকাল ৫টার দিকে মোটরসাইকেল নিয়ে গোজখালীর দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রেজাউলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। লড়িটি জব্দ করা হয়েছে।