নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৩ ১৭:৩২ পিএম
আপডেট : ১১ জুন ২০২৩ ১৮:৫৮ পিএম
ভুয়া এমবিবিএস ডাক্তারকে এক বছরের কারাদণ্ড। প্রবা ফটো
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় একটি ডায়াগনস্টিক সেন্টারের এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে কাগজপত্র যাচাই বাছাই না করে ডাক্তার নেওয়ায় ডায়াগনস্টিক সেন্টারটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১১ জুন) দুপুরে চাষাঢ়ায় গ্রিন লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানম।
তিনি জানান, ডায়াগনস্টিক সেন্টারের কনসালটেন্ট চর্ম ও যৌন (এমবিবিএস) ডাক্তার সাইদুল ইসলামকে আটক করা হয়। তার কাগজপত্র দেখতে চাইলে এমবিবিএস ডিগ্রি নেওয়ার কোনো কাগজপত্র দেখাতে পারেনি তিনি। পরে আইন অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের বৈধ কাগজপত্র না রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার একেএম মেহেদী হাসান বলেন, তারা নিয়মিত জেলার হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে এমন অভিযান পরিচালনা করেন। এমন অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।