ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৩ ১৬:০০ পিএম
জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় উত্তেজনা চলছে। শনিবার (১০ জুন) রাত ১১টার দিকে পৌর শহরের কান্দিপাড়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৮ জুন) দিবাগত মধ্যরাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের সাত সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। নবগঠিত কমিটিতে শাহীনুর রহমানকে আহ্বায়ক এবং সমীর চক্রবর্তীকে সদস্যসচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে এলভীন লস্কর ও আব্দুল গাফফার রিমনকে।
শুক্রবার (৯ জুন) সকালে জেলা কৃষক দলের আহ্বায়ক আবু শামীম মো. ভিপি শামিমের কান্দিপাড়ার বাসায় যান। সেখানে সদ্য ঘোষিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানোর কথা জানতে পারেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এ ঘটনায় পদবঞ্চিত নেতাকর্মীরা জেলা কৃষক দলের আহ্বায়কের কান্দিপাড়ার বাড়িতে হামলা চালান। এ সময় আবু শামীমের বাড়ির পেছন দিয়ে সদ্য ঘোষিত কমিটির সদস্যরা পালিয়ে আত্মরক্ষা করেন। পরে স্থানীয় লোকজন ও যুবদলের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
একই দিন বিকালে জেলা শহরের টিএ রোড ও পাওয়ার হাউজ রোডে বিক্ষোভ করে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। মিছিল শেষে তারা কান্দিপাড়ায় জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক শাহীনুর রহমান ও কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর কাউসার মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর চালান।
শনিবার রাতে ফের পদবঞ্চিত নেতা-কর্মীরা শাহীনুর ও কাউসারের বাড়িতে হামলা চালান। এ সময় তাদের পক্ষের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ককটেল ও গোলাগুলির ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে। ফের সংঘর্ষ এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।