নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৩ ১৩:২৩ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩ ১৩:৪৭ পিএম
প্রতীকী ছবি
নওগাঁর আত্রাইয়ে একটি মালবাহী ভটভটি উল্টে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১০ জুন) সকালে নওগাঁ-নাটোর সড়কের বিহারীপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মাহাবুবুর রহমান। তিনি উপজেলার সোনাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শী আমানুল্লাহ ফারুক বাচ্চু বলেন, ভটভটিটি মালামাল নিয়ে কাশিয়াবাড়ী হাটে যাচ্ছিল। উপজেলার বিহারীপুরে গেলে বিপরীত থেকে আসা একটি ভ্যানগাড়িকে সাইড দিতে গিয়ে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে গাড়ির চালক মাহাবুব মারা যান। আহত হন আরও তিনজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বুসরা বলেন, মাহাবুবুর রহমানকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আহত তিনজনের মধ্যে রাসেল ও মোফাজ্জল চিকিৎসাধীন রয়েছেন। রহিদুলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।