প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৩ ২০:২০ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩ ২০:৫০ পিএম
নির্বাচন কমিশন ভবন। ফাইল ছবি
চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আগামীকাল বৃহস্পতিবার। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশনের ২০তম সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে এ আসনের তফসিল ঘোষণা করা হবে।
বুধবার (৭ জুন) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, ’ভোটের তারিখ কমিশন সভায় নির্ধারণ করা হবে।’
গত ২ জুন আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের মৃত্যুতে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) আসনটি শূন্য হয়।
ইসি কর্মকর্তারা জানান, কোনো আসন শূন্য হলে তার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
সভায় অন্যান্য আলোচ্যসূচির মধ্যে রয়েছে, বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন কার্যক্রম বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুমোদন, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন দাখিল এবং আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও দায়িত্ব নির্ধারণসংক্রান্ত প্রজ্ঞাপন সংশোধন এবং ডেটা সেন্টারের বিকল্প ডিজাস্টার রিকভারি সাইট (ডিআরএস) স্থাপন।
মামুনুর রশীদ, তারিকুল ইসলাম ভূঁইয়া, আনিসুর রহমান ও আশরাফুল আলম (হিরো আলম) ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।
১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়। এরপর ১ জুলাই এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ জুন, বাছাই ১৮ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন এবং ভোটগ্রহণ ১৭ জুলাই। এ উপনির্বাচনের ভোট হবে ব্যালটে।