প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৩ ১৭:২৫ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৩ ১৭:২৫ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উপলক্ষে সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করেছে শিশু-কিশোরদের স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ এ্যাহেড বাংলাদেশ। সোমবার (৫ জুন) ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বৃক্ষ রোপন ও পরিবেশ সচেতনতামূলক র্যালি, চিত্রাংকণ, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি।
বৃক্ষ রোপন ও প্লাস্টিক দূষণ বন্ধে র্যালিটি নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহীদ মিনার চত্বর প্রদক্ষিণ করে স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।
এছাড়াও একই দিনে তারা স্কুল মিলনায়তনে পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা, চিত্রাঙ্কণ, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে। স্কুলের শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে এ সব কর্মসূচিতে অংশগ্রহণ করে। নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোফাখখারুল ইসলাম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
স্কুলের শিশু-কিশোরদের গড়া স্বেচ্ছাসেবী এই সংগঠন ২০২১ সাল থেকে সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করাসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। বিশ্ব পরিবেশ দিবসেও তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছিল।