সিলেট সিটি নির্বাচন
সিলেট অফিস
প্রকাশ : ২৫ মে ২০২৩ ১১:৫০ এএম
আপডেট : ২৫ মে ২০২৩ ১২:৫৮ পিএম
সিলেট নগরীর জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সকাল সাড়ে ৯টায় মনোনয়নপত্র বাছাই শুরু হয়। প্রবা ফটো
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা সবাই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন স্বতন্ত্র হিসেবে। বৃহস্পতিবার (২৫ মে) সকালে যাচাইবাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। বৈধ হিসেবে গৃহীত হয়েছে ছয়জনের মনোনয়নপত্র।
নগরীর জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সকাল সাড়ে ৯টায় মনোনয়নপত্র যাচাইবাছাই শুরু হয়। প্রথমে মেয়র পদে ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাইবাছাই করা হয়। এ সময় দুজন ছাড়া সব প্রার্থী ও তাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন অনুপস্থিত প্রার্থীদের প্রতিনিধিরাও।
সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদির প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যাচাইবাছাইয়ে ছয়জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে।’
যাদের মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়েছে তারা হলেন আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টির মো. জহিরুল আলম, স্বতন্ত্র মোহাম্মদ আবদুল হানিফ কুটু ও মো. ছালাহ উদ্দিন রিমন।
আর যাচাইবাছাইয়ে বাতিল হয়েছে স্বতন্ত্র মেয়র প্রার্থী সামছুন নুর তালুকদার, মোহাম্মদ আবদুল মান্নান খান, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মো. শাহজাহান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফার মনোনয়নপত্র। তাদের মধ্যে সামছুন নুর তালুকদার ঋণখেলাপি। এ ছাড়া তার মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া সমর্থক ভোটারের তালিকায় মৃত দুজনের নাম রয়েছে। আবদুল মান্নান খান ও মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরীর সমর্থক ভোটার তালিকায় নগরীর বাইরের ভোটার রয়েছেন। আর শাহজাহান মিয়া ও মোশতাক আহমেদ রউফের মনোনয়নপত্র বাতিল হয়েছে নিয়ম অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে সম্পদ বিবরণী ও আয়কর রিটার্নের কপি জমা না দেওয়ায়।
নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদির বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্রে ভোটারের স্বাক্ষরসহ তালিকা জমা দিতে হয়। এদের মধ্যে দৈবচয়নের ভিত্তিতে যাচাই করে যাদের তথ্য মিথ্যা প্রমাণিত হয়েছে, তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া ঋণখেলাপি, সম্পদ বিবরণী ও আয়করের রিটার্ন জমা না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন।’
সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের তথ্যে জানা গেছে, নগরীর ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৮৯ এবং ৪২টি সাধারণ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৮৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ১ জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ রয়েছে। ২ জুন প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হবে। ইভিএমে ভোট হবে ২১ জুন।