বরিশাল অফিস
প্রকাশ : ২০ মে ২০২৩ ২১:৩৪ পিএম
আপডেট : ২০ মে ২০২৩ ২১:৪৮ পিএম
পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। ছবি : সংগৃহীত
বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের বিরুদ্ধে নির্বাচনীয় আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস এ অভিযোগ করেন। পাশাপাশি তিনি যাতে আগামী ১২ জুন পর্যন্ত বরিশাল ও ঝালকাঠি জেলাসহ আশপাশের জেলায় অবস্থান না করতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। শনিবার (২০ মে) সকালে জাতীয় পার্টির মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনীয় সমন্বয়কারী অধ্যাপক মোহাসিন উল ইসলাম হাবুল স্বাক্ষরিত একটি চিঠি ই-মেইলের মাধ্যমে বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সিটি করপোরেশন এলাকায় অবস্থান করছেন এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া কৌশলে সরকারি সফর কর্মসূচি দেখিয়ে বরিশাল সিটির পাশের জেলা ঝালকাঠির সীমান্তবর্তী এলাকায় অবস্থান করেন। সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত অপসোনিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের বাংলোয় থেকে লোকজনদের নির্বাচন বিষয়ে নির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি জাতীয় পতাকাবাহী গাড়ি নিয়ে সিটি করপোরেশন এলাকা ঘুরে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করছেন। যা সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন।
তাই আগামী ১২ জুন পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীমকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনী এলাকা এবং পার্শ্ববর্তী জেলা ঝালকাঠিতে যাতে অবস্থান করতে না পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করেন।
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, ’জাতীয় পার্টির প্রার্থীর এ ধরনের কোনো অভিযোগ পাননি। এ ছাড়া কোনো অভিযোগ থাকলে প্রার্থী নিজে অথবা প্রার্থীর প্রধান এজেন্টের মাধ্যমে অভিযোগ দাখিল করার নিয়ম। সব প্রার্থীর সব অভিযোগই আমলে নেওয়া হচ্ছে বা হবে। কিন্তু সেটি যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে করতে হবে।’