ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৩ ১৭:৪৪ পিএম
আপডেট : ১৭ মে ২০২৩ ১৭:৫৫ পিএম
ফেনীর অভ্যন্তরীণ সড়কে যানবাহনে ভাড়া নৈরাজ্য। প্রবা ফটো
ফিলিং স্টেশনে গ্যাস না পাওয়া এবং সরবরাহ কম থাকার অজুহাতে ফেনী জেলা সদরসহ বিভিন্ন উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে বাস, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশায় ভাড়া নিয়ে নৈরাজ্য চলছে।
গণপরিবহন চলাচল কমে যাওয়ায় মানুষের যাতায়াতের অন্যতম বাহন সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা। কিন্তু গ্যাসের সংকটকে পুঁজি করে যাত্রীদের জিম্মি করে চালকেরা ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে যাত্রী ও চলমান এসএসসি পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ভুক্তভোগী যাত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, জেলার অভ্যন্তরীণ সব সড়কে শৃঙ্খলা না মেনে চালকেরা যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো ভাড়া আদায় করছেন। এ নিয়ে প্রতিনিয়ত যাত্রীদের সঙ্গে চালকদের তর্ক, এমনকি মারামারির মতো ঘটনাও ঘটছে। যাত্রীরা চালকদের কাছে ভাড়া নিয়ে একরকম জিম্মি হয়ে পড়েছেন। সড়কে গণপরিবহন কম থাকায় যাত্রীরা এ দুর্ভোগের শিকার হচ্ছেন।
অটোরিকশার চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোনাগাজী থেকে জেলা শহরের দূরত্ব ২০ কিলোমিটার। এ সড়কে আগে পাঁচজন যাত্রীর জনপ্রতি সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ছিল ৪০ টাকা। কিন্তু গ্যাস সংকটের কারণে সেই ভাড়া দিনে ৬০ টাকা আর রাতে ৮০ থেকে ১০০ টাকা হয়ে গেছে। বাসভাড়া ৩০ টাকার স্থলে নেওয়া হচ্ছে ৪০ টাকা। ফেনী থেকে মুন্সিরহাট পর্যন্ত জনপ্রতি ২৫ টাকা নির্ধারণ রয়েছে।
বুধবার (১৭ মে) আদায় করা হয়েছে ৪০ থেকে ৫০ টাকা। ফেনী থেকে পরশুরাম পর্যন্ত ২৩ কিলোমিটার সড়কে ৩০ টাকার ভাড়া জনপ্রতি আদায় করা হয় ৮০ টাকা। এ ছাড়া জেলার প্রায় সব সড়কে সিএনজি ও ইজিবাইকের চালকরা দ্বিগুণ ভাড়া আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নাজমুল হাসান নামের এক যাত্রী বলেন, ‘তিনি প্রতিদিন ফেনী থেকে যাতায়াত করেন। রাত ৮টার পর ৪০ টাকার ভাড়া হয়ে যায় ৮০ থেকে ১০০ টাকা। এ নৈরাজ্য দেখার যেন কেউ নেই।’
কয়েকজন এসএসসি পরীক্ষার্থী জানায়, গ্যাস সংকটের কারণে সড়কে সিএনজি চলাচল কমে যাওয়ায় পরীক্ষাকেন্দ্রে আসতে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। আবার যে গাড়ি আছে তা রিজার্ভ ছাড়া যাবে না বলে চালকরা জানায়। পরে গাড়ি না থাকায় বাধ্য হয়ে তারা বাড়তি ভাড়া দিয়ে পরীক্ষাকেন্দ্রে এসেছে।
জানতে চাইলে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, ’কেউ যেন কোনো পরিস্থিতিতে সুযোগ সন্ধানী না হয়, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। জনভোগান্তি সৃষ্টির খবর পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’