লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৩ ১৯:১১ পিএম
আপডেট : ১৬ মে ২০২৩ ১৯:২৫ পিএম
সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নোমান। প্রবা ফটো
লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নোমানকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের উপদেষ্টা পদে পুনর্বহাল করা হয়েছে। প্রায় ৩ বছর পর মঙ্গলবার (১৬ মে) তার অব্যাহতি আদেশপত্র প্রত্যাহার করেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম আজ বিকালে প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ’চেয়ারম্যান জিএম কাদের গঠনন্ত্রের ক্ষমতাবলে নোমানের অব্যাহতি আদেশপত্র প্রত্যাহার করেছেন।’
দলীয় সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ জুন দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাবেক এমপি মোহাম্মদ নোমানকে সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়। তখন নোমান লক্ষ্মীপুর জেলা জাপার সভাপতির দায়িত্বও পালন করছিলেন।
জানতে চাইলে মোহাম্মদ নোমান বলেন, ’আমি দলের আদর্শ ধারণ করে মানুষের কল্যাণের রাজনীতি করি। নির্বাচনের সময় বাস্তব পরিস্থিতি ছিল ভিন্ন। তখন পরিস্থিতির শিকার ছিলাম আমি। দলের সিদ্ধান্ত বাস্তবায়নে আজীবন কাজ করে যাব।’
২০১৮ সালের সংসদ নির্বাচনে জোটগত কারণে জাতীয় পার্টি থেকে নোমানকে মনোনয়ন দেওয়া হয়। সে সময় আওয়ামী লীগ ওই আসনে কোনো প্রার্থী দেয়নি। কিন্তু তিনি হঠাৎ প্রার্থিতা প্রত্যাহার করে নেন। আর সেই সুযোগে স্বতন্ত্র প্রার্থী কাজী শহীদ ইসলাম পাপুল এমপি নির্বাচিত হন। তখন পাপুলের কাছে টাকার বিনিময়ে নোমান আসন ছেড়ে দিয়েছেন বলে আলোচনার জন্ম দেয়। কিন্তু নেতাকর্মীদের অসহযোগিতাসহ কয়েকটি সুর্নিদিষ্ট কারণসহ পরিস্থিতির কারণে তখন তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে দাবি করেন।