কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৩ ১৫:৪১ পিএম
আপডেট : ১১ মে ২০২৩ ১৬:০৭ পিএম
ইয়াবাসহ র্যাবের হাতে গ্রেপ্তার রফিকুল ইসলাম। প্রবা ফটো
কুড়িগ্রামের রৌমারীতে ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (১১ মে) র্যাব জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার ওই মাদক কারবারির নাম রফিকুল ইসলাম। তিনি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাজাইকাটা গ্রামের বাসিন্দা।
আশিক উজ্জামান বলেন, ‘বুধবার বিকালে রৌমারীর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।’
তিনি বলেন, ‘গ্রেপ্তার রফিকুল ইসলাম দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।’
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার বলেন, ‘এ ঘটনায় বুধবার রাতে মামলা হয়েছে। আজ সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’