যশোর প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৩ ১৯:২৯ পিএম
আপডেট : ০৮ মে ২০২৩ ২০:০২ পিএম
প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া আসামিরা। প্রবা ফটো
যশোরে প্রতারণার অভিযোগে তিন ইরানি নাগরিকসহ পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৮ মে) বিকালে জেলা পুলিশ কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন। এর আগে ঢাকার ভাটারা থানা ও
যশোর সিটি প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, ইরানের নাগরিক খালেদ মাহবুবী ও তার ছেলে সালার মাহবুবী, ফারিবোরয্ মাসুফি, গোপালগঞ্জ সদরের ঘ্যানাসুর এলাকার খোরশেদ আলম ও বরিশালের গৌরনদীর পশ্চিম ডুমুরিয়া গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম বাবু।
আটক ব্যক্তিদের কাছ থেকে একটি প্রাইভেটকার, বিভিন্ন দেশের মুদ্রা, ৫৪ হাজার ৭০০ টাকা, তিনটি পাসপোর্ট, সাতটি মোবাইল ফোন, দুটি আইডিকার্ড, অজ্ঞান করার দুটি পারফিউম জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, ’’গত ৮ এপ্রিল অভয়নগরে বর্ণী হরিশপুর বাজারে ‘মরিয়ম স্টোর’ নামে একটি দোকানের সামনে প্রাইভেটকার থামিয়ে অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজন ব্যক্তি নেমে আসেন। তাদের মধ্যে দুজন ওই মুদি দোকানে যান। টুপি ও মুখে মাস্ক পরা ব্যক্তি দোকানে গিয়ে আরবি ভাষায় কথা বলেন। এরপর দোকানের মালিক শরিফুল ইসলামের বাবার সঙ্গে হাত মেলান। মানিব্যাগ থেকে টাকা বের করে তার মুখের কাছে নিলে দোকানি সম্মোহিত হয়ে পড়েন। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কথা অনুযায়ী দোকানে থাকা প্রায় ছয় লাখ টাকা বের করে দেন। এ ঘটনার পর অভয়নগর থানায় একটি প্রতারণা মামলা করেন দোকানমালিক শরিফুল ইসলাম।’’
তিনি বলেন, ’যশোর পুলিশ সুপার মামলার তদন্তের দায়িত্ব দেন যশোর জেলা গোয়েন্দা পুলিশকে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপণ কুমার সরকার সিসিটিভি ফুটেজ ও প্রাইভেটকারের নম্বরের সূত্র ধরে রবিবার রাতে ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে খোরশেদ আলম ও সাইদুল ইসলাম বাবু নামে দুজনকে গ্রেপ্তার করেন। তাদের দেওয়া তথ্যে যশোর সিটি প্লাজায় অভিযান চালিয়ে ইরানি ওই তিন নাগরিককে গ্রেপ্তার করা হয়।’
সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।