কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৩ ১২:৩৯ পিএম
আপডেট : ০৭ মে ২০২৩ ১২:৫৭ পিএম
কুমিল্লার দাউদকান্দিতে যুবলীগ নেতা জামাল হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (৭ মে) বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মোহাম্মদ পাশা এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন মামলার তিন নম্বর আসামি ইসমাইল হোসেন, চার নম্বর সোহেল শিকদার ও সাত নম্বর মো. শাহ আলম।
র্যাব কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় এজাহারে যাদের নাম রয়েছে তাদের মধ্যে পাঁচজন বিদেশে পলাতক। তাদের মধ্যে বহুদিনের দ্বন্দ্ব ছিল। তবে গ্রেপ্তাররা কেউ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে বক্তব্য দেননি।
তানভীর মোহাম্মদ আরও জানান, যারা গুলি করেছে, তাদের শনাক্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম জানাননি এই র্যাব কর্মকর্তা।
গত ৩০ এপ্রিল রাত ৮টার দিকে দাউদকান্দির গৌরিপুর বাজারে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে গুলি করা হয়। পরে তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাতেই নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিতাস উপজেলায় বাড়ি হলেও জামাল হোসেন ব্যবসা করতেন দাউদকান্দির গৌরিপুর বাজারে। বাজারের পাশে ভাড়া বাসায় থাকতেন তিনি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনজন বোরকা পরিহিত ব্যক্তি তাকে গুলি করেন।
তাকে হত্যার ঘটনায় ২ মে রাতে দাউদকান্দি থানায় নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আটজনের বিরুদ্ধে মামলা করেন স্ত্রী পপি আক্তার।