শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৩ ১৩:৫২ পিএম
আপডেট : ০৫ মে ২০২৩ ১৫:১৮ পিএম
গণপিটুনিতে নিহত সুলতান উদ্দিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো
গাজীপুরের শ্রীপুরে গণপিটুনিতে সুলতান নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও পাঁচ থেকে সাতজনকে আসামি করে হত্যা মামলা দিয়েছেন নিহতের স্ত্রী রীনা। বৃহস্পতিবার (৪ মে) রাতে রীনা শ্রীপুর থানায় এ মামলা করেন।
আসামিরা হলেন উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের বেড়াবাড়ী (পশ্চিমপাড়া) গ্রামের মোশারফ হোসেন, দানিস ও সোহেল।
গণপিটুনিতে নিহত সুলতান উদ্দিন কাপাসিয়া উপজেলার সূর্যনারায়ণপুর (নতুনবাজার) গ্রামের বাসিন্দা। তিনি শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের গজারিয়া গ্রামের শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম বলেন, ‘গ্রামবাসীর পিটুনিতে একজন ডাকাত নিহতের ঘটনায় মামলা করেছেন নিহতের স্ত্রী। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
মামলার বাদী রীনা বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আমার স্বামী সুলতান উদ্দিনকে গজারিয়া গ্রামের মো. হিরণ ফোন করে ডেকে নেয়। পরদিন সকালে পাশের গোসিঙ্গা ইউনিয়নের বেড়াবাড়ী (পশ্চিমপাড়া) গ্রামে তাকে পিটিয়ে হত্যার খবর পাই। আমি থানায় গিয়ে মরদেহ শনাক্ত করি। আমার স্বামী ইট-বালুর ব্যবসা করতেন।’
মামলার আসামি মোশারফ হোসেন বলেন, রাত আনুমানিক দেড়টার দিকে চার থেকে পাঁচজনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা আমার ছোট ভাই দানিসের ঘরের দরজার শিকল বাইরে থেকে আটকে দেয়। শব্দ পেয়ে বাইরে কে জানতে চাইলে ডাকাতরা বলে, ‘তোকে হত্যা করতে আসছি।’ পরে এলাকাবাসী ডাকাত দলের সদস্য সুলতানকে আটক করে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়।