রাজশাহী অফিস
প্রকাশ : ০৩ মে ২০২৩ ১৭:১৭ পিএম
আপডেট : ০৩ মে ২০২৩ ২০:২২ পিএম
সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কবির হোসেন। প্রবা ফটো
সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কবির হোসেন মারা গেছেন। বুধবার (৩ মে) দুপুর ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন।
তিনি জানান, কবির হোসেন একজন প্রবীণ রাজনৈতিক নেতা। তার বয়স হয়েছিল ৮২ বছর। পরিবারে তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। স্ট্রোক করার পর তিনি বাড়িতেই থাকতেন। সম্প্রতি বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে রাজশাহীতে আনা হয়। গত তিন দিন আগে ফের অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার বিকাল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরিবার ও সংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও আইসিইউ ইউনিটের প্রধান ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, কবির হোসেন কিডনি ও স্ট্রোকসহ অনেকগুলো রোগে আক্রান্ত ছিলেন।
প্রবীণ রাজনীতিবীদ কবির হোসেন একাধারে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য ছিলেন। ১৯৯১ সালে রাজশাহী-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদে সদস্য নির্বাচিত হয়ে খালেদা জিয়া সরকারের প্রথম মন্ত্রিসভার প্রতিমন্ত্রী ছিলেন। বিএনপির প্রার্থী হিসাবে ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ১৯৯১ ও ১৯৯৬ সালে রাজশাহী-২ এবং ২০০১ সালে রাজশাহী-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।