জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ১০:১৫ এএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ১১:৩৩ এএম
র্যাবের হাতে গ্রেপ্তার অটোরিকশা চোরচক্রের দুই সদস্য
জয়পুরহাটে ইজিবাইক চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব-৫। সোমবার (২৪ এপ্রিল) রাতে সদরের পাঁচুরচক থেকে তাদের আটক করা হয়। এ সময় চুরি যাওয়া একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটো) উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কুটিরপাড়া গ্রামের আশরাফ আলী আকন্দ ও সদরের পাঁচুরচক ফকিরপাড়ার জয় ইসলাম রাজ।
র্যাবের দাবি, তারা দীর্ঘদিন ধরে এ চোরচক্রের সঙ্গে জড়িত এবং চোরাই ইজিবাইক জয়পুরহাট সদর ও আশপাশ এলাকায় বিক্রি করে আসছিলেন।
মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে চোরাই একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।