রংপুর অফিস
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩ ২৩:৫৯ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ১০:৫০ এএম
প্রতীকী ছবি
রংপুরের কাউনিয়ায় তিস্তা নদী থেকে আব্দুর রহিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ এপ্রিল) দুপুরে তিস্তা সড়কসেতুর ৪ নম্বর গার্ডারের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আব্দুর রহিম লালমনিরহাটের আফজালনগর এলাকার নূরুল ইসলামের ছেলে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মরদেহটি ভাসতে দেখেন পাঞ্জরভাঙ্গা গ্রামের নৌকার মাঝি রশিদুল ইসলাম। তিনি খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
কাউনিয়ার বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী বলেন, ‘আব্দুর রহিম ঈদের নামাজ শেষে বাড়ি থেকে খাওয়াদাওয়া করে তিস্তা সেতু এলাকায় বেড়াতে যান। এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজখবর করেও না পেয়ে তার সন্ধান পেতে বিভিন্ন যানবাহন ও দর্শনীয় স্থানে পোস্টার লাগান।’
সোমবার বিকাল ৩টার দিকে থানা থেকে ফোন পেয়ে আব্দুর রহিমের মরদেহ শনাক্ত করেছে তার পরিবার।
ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, ‘যুবকের মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।’