ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩ ১৬:৩০ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৩ ১৬:৪৮ পিএম
একটি ফার্নিচারের দোকানে খাবার খেতে দেখা যায় হনুমানটিকে। প্রবা ফটো
দিনাজপুরের ফুলবাড়ীতে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে দলছুট একটি মুখপোড়া হনুমান। বড় গাছ, বাড়ির সীমানাপ্রাচীরের ওপরে ও ঘরের চালে দেখা যাচ্ছে হনুমানটিকে। যেখানে যাচ্ছে প্রাণীটি সেখানেই ভিড় করছেন কৌতূহলীরা।
সোমবার (২৪ এপ্রিল) ফুলবাড়ী উপজেলার বিজিবি ক্যাম্পসংলগ্ন একটি ফার্নিচারের দোকানে বসে থাকতে দেখা যায় হনুমানটিকে। অনেকে পাউরুটি, কলাসহ নানা খাবার দিচ্ছে। হনুমানটি সেসব গ্রহণ করে সানন্দেই। পরে সেখান থেকে ছুটছে বিল্ডিংয়ের ছাদে, কখনও গাছের মগডালে এবং কখনও বাড়ির ছাদে, আবার কারও টিনের চালে। হনুমানটিকে একনজর দেখতে উৎসুক মানুষও ছুটছে পিছু পিছু।
বিজিবি ক্যাম্পসংলগ্ন বাসিন্দা জীবন চন্দ্র রায় বলেন, ‘হঠাৎ করেই সকালে ফার্নিচারের দোকানে দেখা যায় হনুমানটিকে। এটি একটি মুখপোড়া হনুমান। উৎসুক মানুষ প্রাণীটিকে কলা, পাউরুটি, বিস্কুটসহ নানা খাবার খেতে দিয়েছে। হনুমানটি কারও কোনো ক্ষতি করেনি। খাবার খেয়ে সে এক গাছ থেকে অন্য গাছে চলে যায়। পরে আর দেখা মেলেনি।’
হনুমানটির পিছু পিছু ছুটতে দেখা যায় শিশু আসিফ, তাওসিন, মুনতাহা ও সামিয়াকে। আসিফ বলে, ‘আমরা প্রথমবারের মতো এত কাছ থেকে হনুমান দেখেছি। আগে চিড়িয়াখানায় দেখেছিলাম, কিন্তু আজ সামনাসামনি বাড়ির পাশেই দেখলাম। প্রথমে ভয়ে কেউ কাছে যাচ্ছিলাম না, কিন্তু পরে খাবার নিয়ে গেলে হনুমানটি এসে হাত থেকে খাবার নিয়ে গেছে।’
মধ্যপাড়া বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাই বলেন, ‘দলছুট হয়ে লোকালয়ে আসা হনুমানকে এলাকাবাসী যেন কোনো ক্ষতি বা বিরক্ত না করে, সে বিষয়ে সবাইকে নজর দিতে হবে। কিছু দিন পর আবার সে তার এলাকায় ফিরে যাবে। যদি লোকালয়ে হনুমানের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে, তবে এটি ধরে বনাঞ্চলে ছেড়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে।’