শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ১৫:২২ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ১৯:১৩ পিএম
অস্ত্র চোরাচালান চক্রের সদস্য মাসুম বিল্লাহ বুলবুল। প্রবা ফটো
শেরপুরের নালিতাবাড়ীর পাহাড়ি এলাকা থেকে চোরাচালান চক্রের এক সদস্যকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ভারতের তৈরি ছয়টি এয়ারগান জব্দ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নালিতাবাড়ীর লালটেঙ্গুর পাহাড়ের সমশ্চুড়ার সীমান্ত সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটক ওই ব্যক্তির নাম মাসুম বিল্লাহ বুলবুল। তিনি ঝিনাইগাতীর গিলাগাছা গ্রামের বাসিন্দা।
পুলিশ সুপার কামরুজ্জামান রাসেল শনিবার (১৫ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি অস্ত্র চোরাকারবারী দল ভারতীয় তৈরি অস্ত্র চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনার অপতৎপরতা চালাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী বারোমারী থেকে সমশ্চূড়াগামী লালটেঙ্গুর পাহাড়ের সামনে সড়কে অবস্থান নেয় নালিতাবাড়ী থানা পুলিশ। পরে সীমান্ত থেকে সন্দেহভাজন একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশা এলে তাদের থামানোর চেষ্টা করা হয়। তখন মোটরসাইকেল চালক পুলিশের ওপর মোটরসাইকেল তুলে দেয়। এতে এক পুলিশ সদস্য আহত হয়। পরে মোটরসাইকেল রেখে অন্ধকারে পাহাড়ের ভেতর পালিয়ে যায় চালক। এ সময় অটোরিকশা থেকে ছয়টি এয়ারগানসহ বুলবুলকে আটক করা হয়। আর অটোরিকশা চালক গহীন পাহাড়ে পালিয়ে যায়।’
তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুল আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্রের একজন সক্রিয় সদস্য বলে জানা গেছে। বুলবুল ও তার সহযোগীদের নামে নালিতাবাড়ী থানায় মামলার প্রক্রিয়া চলছে।’