বোদা (পঞ্চগড়) প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ২২:৪৭ পিএম
সংগৃহীত
পঞ্চগড়ের বোদা পৌরসভায়
টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পণ্য নিয়ে মেয়র
ও কাউন্সিলদের মধ্যে বিরোধের এক পর্যায়ে টিসিবির কক্ষে তালা ঝুলিয়ে দেন এক কাউন্সিলর।
এ নিয়ে পৌরসভার সম্মেলন কক্ষে দফায় দফায় বৈঠক বসে। দীর্ঘক্ষণ আলোচনা করেও মেয়র ও কাউন্সিলরদের
মধ্যে সমঝোতা হয়নি বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক কাউন্সিলররা।
ভুক্তভোগীরা জানান,
বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৮টা পর্যন্ত কার্ডধারীদের অনেকে পৌরসভা চত্বরে
অপেক্ষা করছিলেন। তবে ঠিকাদারের কোনো লোক সেখানে পাওয়া যায়নি। কার্ডধারীরা পণ্য না
পেয়ে হইচই করতে থাকেন। অথচ তখনও পৌরসভায় প্রায় ২০০ জনের পণ্য মজুত ছিল। দীর্ঘ অপেক্ষার
পরেও পণ্য না পেয়ে অনেকে বাড়ি ফিরে যান।
বোদা পৌরসভার ঝিনুকনগর
এলাকার ১০৪৭ নং কার্ডধারী নুর আলম বলেন, ‘আমার কার্ড আছে। মাল নিলাম না, অথচ মালও পেলাম
না। তাহলে আমার মাল গেল কোথায়?’
সংশ্লিষ্টরা জানান,
বৃহস্পতিবার সকাল রমজানে দ্বিতীয়বারের মত বোদা পৌরসভা চত্বরে টিসিবি বিতরণ কার্যক্রম
শুরু করে। দিনশেষে ঠিকাদারী প্রতিষ্ঠান মায়ের দোয়া ট্রেডার্স অবশিষ্ট থাকা পণ্য কার্ডধারীদের
দিতে চাইলে পৌর কর্তৃপক্ষ আপত্তি জানান। উপায় না পেয়ে ঠিকাদার রেজাউল ইসলাম পৌর কর্তৃপক্ষকে
পণ্য বুঝিয়ে দেন।
তারা জানান, ঠিকাদারি
প্রতিষ্ঠান চলে যাওয়ার পরে ভাগবাটোয়ারার জন্য মেয়র আজাহার আলীর সঙ্গে বসেন কাউন্সিলররা।
বোদা পৌরসভার ৯নং ওর্য়াড কাউন্সিলর শাহজাহান আলম সিরাজ বলেন, ‘বেচেঁ যাওয়া মাল আমরা জনগণের মধ্যে দিতে চাইলে মেয়র একাই দিতে চান।
যে কারণে আমরা (কাউন্সিলর) ঘরে (মাল মজুদ) তালা ঝুলিয়ে দিই। মেয়রের সাথে কাউন্সিলদের সমন্বয়হীনতা আছে। এ কারণে এমনটা হচ্ছে।’
ঠিকাদারি প্রতিষ্ঠান
মায়ের দোয়া ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মো. রেজাউল ইসলাম বলেন, ‘বেচে যাওয়া প্রায় ২০০ মাল আমি জনগণকে দিতে পারি নাই কর্তৃপক্ষের চাপের
কারণে। ফলে মাল তাদের দিয়ে আসতে হয়।’
বোদা পৌরসভার মেয়র মো.
আজাহার আলী বলেন, পণ্য বিতরণে কিছুটা সমন্বয়হীনতা হয়েছিল। আগামীকাল (শুক্রবার) বসে
সমাধান করে ফেলব।’
বোদা উপজেলার সমাজসেবা
কর্মকর্তা তৌকির আহম্মেদ বলেন, ‘রেলমন্ত্রী মহোদয়ের একটি প্রোগ্রাম আমার অফিসে
হওয়ায় আমি সেখানে থাকতে পারি নাই। তবে আমার লোক সেখানে ছিল। বিকাল ৫টা পর্যন্ত কোনো
অনিয়মের খবর পাই নাই।’
বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বহ্নি শিখা আশা বলেন, ‘অনিয়মের অভিযোগ আমিও জেনেছি। এরপরে আর পৌরসভায় টিসিবির পণ্য বিতরণ করা হবে না।’