বগুড়া অফিস
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ১৫:৩৯ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ১৬:৪৯ পিএম
বগুড়ার নিশিন্তপুর এলাকায় চুরি-ছিনতাই বন্ধের দাবিতে মানববন্ধনে প্রায় ৩০০ জন অংশ নেন। প্রবা ফটো
বগুড়া পৌরসভার নিশ্চিন্তপুর
এলাকায় চুরি এবং ছিনতাই বন্ধে পুলিশের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন
স্থানীয়রা। শনিবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে নিশ্চিন্তপুর দ্বিতীয় বাইপাস সড়কের চারমাথা
এলাকায় সচেতন নাগরিকদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০০ নারী-পুরুষ
অংশ নেন। তারা সম্প্রতি দুর্বৃত্তদের হাতে নিহত ব্যাটারিচালিত অটোরিকশার চালক রাজু
হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
পরে স্থানীয় কৈগাড়ি
পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তারা এলাকার
সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
মানববন্ধনে বক্তারা
বলেন, সম্প্রতি নিশ্চিন্তপুর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবণতি হয়েছে। গত ২৩
মার্চ রাতে রাজু নামে এক চালককে খুন করে তার ব্যাটারিচালিত ইজিবাক ছিনতাই করা হয়। এর
ছয় দিন পরে আলমগীর হোসেন নামে এক কৃষকের বাড়ি থেকে এক জোড়া গরু চুরি করা হয়। ওই দুটি
ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে দুর্বৃত্তরা আরও বেপরোয়া
হয়ে উঠেছে এবং রাতের আঁধারে বাড়ি বাড়ি হানা দিচ্ছে।
তারা বলেন, সর্বশেষ
কয়েকদিন আগে নিশ্চিন্তপুর মধ্যপাড়া এলাকায় সারোয়ার
নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে অটোরিকশা চুরি করা হয়। পুলিশের নির্লিপ্ততার কারণে একের
পর এক চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
মানববন্ধন কর্মসূচিতে
অংশ নেন নিহত অটোরিকশাচালক রাজুর মা আলেয়া বেগম, স্ত্রী তারা বানু এবং মেয়ে আরজুমা
খাতুন। অনুষ্ঠিত মনববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন আমিনুল ইসলাম মুন্না, অ্যাডভোকেট
আব্দুল গফুর, আব্দুস সালাম ও রাসেল।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, নিশিন্তপুর এলাকায় চুরি, ছিনতাই এবং মাদক
কারবারিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ।
অটোরিকশাচালক রাজুর হত্যাকারীদের ১৫ দিনেও গ্রেপ্তার করতে না পারা প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই হত্যাকাণ্ডের তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হচ্ছে। ওই হত্যাকাণ্ডে জড়িতদের খুব শিগগিরই গ্রেপ্তার করা হবে।