পিরোজপুর প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ১৩:১৭ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ১৪:১৬ পিএম
২২ জন বিদেশি পর্যটক কাউখালীর সোনাকুর পালপাড়ায় মৃৎশিল্পীদের গ্রাম ও স্থানীয় বাজার পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের শ্রীগুরু আশ্রম পরিদর্শন করেন। প্রবা ফটো
ভারতীয় বিলাসবহুল প্রমোদতরি এমভি গঙ্গাবিলাস ২২ জন বিদেশি পর্যটক নিয়ে পিরোজপুরের কাউখালী স্টিমারঘাটে শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় নোঙর করেছে।
শনিবার কাউখালীর সন্ধ্যা নদীর পাশে সোনাকুর পালপাড়ায় মৃৎশিল্পীদের গ্রাম ও স্থানীয় বাজার পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের শ্রীগুরু আশ্রম পরিদর্শন করেছেন।
এমভি গঙ্গাবিলাসের বাংলাদেশের ‘জার্নিপ্লাস ট্যুর অপারেটর’ গাইড কায়েস খান প্রতিদিনের বাংলাদেশ বলেন, পৃথিবীর সবচেয়ে লং ট্যুর রিভার ক্রুজটি এর আগে ১ এপ্রিল কলকাতা থেকে রওনা হয়ে ভারতের পাঁচটি রাজ্য অতিক্রম করে। বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে ৪ এপ্রিল মঙ্গলবার খুলনার কয়রার আংটিহারা বন্দর হয়ে বুধবার ৫ এপ্রিল বাংলাদেশের মোংলা বন্দরে পৌঁছায়। এরপর বৃহস্পতিবার সকালে মোংলা থেকে সড়কপথে তারা বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ পরিদর্শনে যান।
তিনি বলেন, ষাটগম্বুজ পরিদর্শন শেষে পূর্ব সুন্দরবনের করমজল ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র পরিদর্শন (ভ্রমণ) করেন। পরিদর্শন শেষে শুক্রবার বিকালে গঙ্গাবিলাস মোংলা বন্দর থেকে নোঙর তুলে সরাসরি কাউখালীর উদ্দেশে রওনা হয়। কাউখালীর বিভিন্ন স্থান পরিদর্শন শেষে আজই বরিশালের উদ্দেশে রওনা হবে। বরিশাল অবস্থানের পর ১১ এপ্রিল নারায়ণগঞ্জ ও সোনারগাঁ ঘুরে পর্যটকরা ১২ এপ্রিল ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ নিজ দেশে ফিরে যাবেন।
এ ভ্রমণে বাংলাদেশ ও ভারতের ২৭ নদনদীর ৩ হাজার ২০০ কিলোমিটার অতিক্রম করবে এ তরি। বাংলাদেশ ও ভারতের প্রায় ৫০টি পর্যটন স্পট ঘুরে দেখবেন পর্যটকরা।
প্রমোদতরি গঙ্গাবিলাসের পক্ষে জন গোমেজ বলেন, ‘আমাদের গঙ্গাবিলাসে ৩৯ জন আর ২২ জন পর্যটক আছেন। ভবিষ্যতে আরও এমন ভ্রমণ অব্যাহত থাকবে। আগামী সেপ্টেম্বর পর্যন্ত ভারত-বাংলাদেশর মধ্যে এমন আরও নৌভ্রমণ পরিচালনা করা হবে। এ ভ্রমণের মাধ্যমে দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে।’
এর আগে ৯ ফেব্রুয়ারি গঙ্গাবিলাসে এসে ২৮ জন পর্যটক (২৭ জন সুইজারল্যান্ডের ও একজন জার্মান নাগরিক) পিরোজপুরের নেছারাবাদের আটঘর কুড়িয়ানার পেয়ারাবাগান, ভাসমান কাঠের বাজার ও উপজেলা সদরে পৌর শহরের মূল বন্দর ঘুরে দেখেন।
৬২ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থের প্রমোদতরি গঙ্গাবিলাস। তিনটি ডেকসহ পাঁচ তারকা মানের জাহাজটিতে ২৮টি বিলাসবহুল কামরার পাশাপাশি আধুনিক রেস্তোরাঁ, পানশালা, স্পা সেন্টারসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে। জানা গেছে, এ প্রমোদতরিতে প্রত্যেক পর্যটকের ২০ লাখ টাকা গুনতে হয়েছে।