কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১৮:১৪ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১৯:০৭ পিএম
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। ছবি : সংগৃহীত
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও থিয়েটারকর্মীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় এক ছাত্রকে ছাত্রলীগ নেতা এসএম রুবেল মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৫ এপ্রিল) তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন কলেজের অধ্যক্ষ আবু জাফর খান।
তিনি জানান, তদন্ত কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে। বৃহস্পতিবার সব পক্ষকে ডাকা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত রুবেল ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সদ্য সাবেক সভাপতি ও কুমিল্লার বরুড়ার পয়ালগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি থিয়েটারের এক নবীন সদস্যকে নিয়মিত উত্ত্যক্ত করে আসছেন। এ কারণে ওই ছাত্রীকে নাইমুর রহমান ভূঁইয়া নামে এক নাট্যকর্মী থিয়েটারের উপদেষ্টা বরাবর অভিযোগ জানানোর পরামর্শ দেওয়ায় ক্ষিপ্ত হয়েছেন রুবেল।
নাইমুর রহমান বলেন, ’থিয়েটারের উপদেষ্টার কাছে অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ এনে আমাকে ২৮ মার্চ রাতে ডেকে নিয়ে ১০-১২ জন মিলে মারধর করেন রুবেল। জিলা স্কুলের সামনে থেকে মারতে মারতে প্লানেট এসআর শপিং কমপ্লেক্সের একটি কক্ষে নিয়ে যান। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করেন। এখন পড়াশোনা করা ও এই শহরে নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত।’
ওই ছাত্রী জানান, রুবেল যেভাবে আমার পিছু নিয়েছেন, তাতে আমি পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে শঙ্কিত। এসবের প্রতিবাদ করায় নাইমুরের ওপর নির্মম আচরণ করেন তিনি।
এসএম রুবেল বলেন, ’আমি নাইমকে মারধর করিনি। ওই ছাত্রী যে অভিযোগ তুলেছেন, সেটি সঠিক নয়। থিয়েটারে আগেও এমন হয়েছে, কমিটির মেয়াদ শেষ হয়ে এলে একটি পক্ষ নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগ তুলে নতুন কমিটিতে প্রভাব বিস্তার করতে চায়।’
এ বিষয়ে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কাজী সায়েম বলেন, ’রুবেল ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও সমস্যা থিয়েটার নিয়ে। কলেজ প্রশাসন, সিনিয়র থিয়েটার সদস্যরা মিলে সমস্যাটি সমাধান করা উচিত।’
কোতোয়ালি থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, ’বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’