চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৮:০৪ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৩ ১৯:২৯ পিএম
চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ৬ প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। এক শতাংশ ভোটারের স্বাক্ষরসংবলিত তালিকা জমা না দেওয়ায় দুজনের ও ঋণখেলাপি হওয়ায় একজনের মনোনয়ন বাতিল করা হয়। বুধবার (২৯ মার্চ) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান তিনজনের প্রার্থিতা বাতিল করেন।
যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম চৌধুরী, মীর মোহাম্মদ রমজান আলী ও ন্যাশনাল পিপলস পার্টির (ন্যাপ) কামাল পাশা।
চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। এতে ৬ প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম চৌধুরী ও মীর মোহাম্মদ রমজান আলী নির্বাচনী এলাকার এক শতাংশ সমর্থকের স্বাক্ষরসংবলিত তালিকা জমা না দেওয়া এবং ঋণখেলাপি হওয়ায় ন্যাশনাল পিপলস পার্টির কামাল পাশার মনোনয়নপত্র বাতিল করা হয়।’
তিনি বলেন, ‘বাকি তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শাহাব উদ্দিন মো. আব্দুস সামাদ।’
আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষরসংবলিত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে। এক্ষেত্রে স্বতন্ত্র দুই প্রার্থী তা জমা দেননি।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২৭ এপ্রিল এই উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৫ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৬ এপ্রিল। আসনটিতে ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ এবং নারী ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন।
২০২০ সালের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ৫ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মোছলেম উদ্দিন আহমদ। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।