চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ১৩:৫৯ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৩ ১৪:১২ পিএম
প্রতীকী ছবি
চট্টগ্রাম মহানগরীর খুলশীতে ডাস্টবিনের পাশ থেকে মানুষের একটি কাটা হাত উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে খুলশী থানার কুসুমবাগ আবাসিকের ডেভারপাড় এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহেদ খান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীদের খবরে ঘটনাস্থলে যাই। সেখানে ডাস্টবিনের পাশে মানুষের একটি কাটা হাত উদ্ধার করি। এই হাতটি কার, তা শনাক্ত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফরেনসিক মর্গে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘সিআইডির টিমও ঘটনাস্থলে এসে আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে ধারণা করছি, কোনো হাসপাতাল থেকে ময়লার সঙ্গে এই কাটা হাত ডাস্টবিনে ফেলা হয়েছে।’