লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ১৬:১৫ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৩ ১৬:৪৫ পিএম
আসামিকে আদালতে নেওয়া হচ্ছে। প্রবা ফটো
লক্ষ্মীপুরের রায়পুরে মাদক মামলায় এক যুবকের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে তাকে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম সোমবার (২৭ মার্চ) দুপুরে এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিকে আদালতে উপস্থিত করা হয়েছিল।
সাজাপ্রাপ্ত যুবকের নাম ইসমাইল হোসেন লিমন। তার বাড়ি রায়পুর পৌরসভার দক্ষিণ কেরোয়া এলাকায়।
লক্ষ্মীপুর জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহারের বরাতে তিনি জানান, ২০১৮ সালের ২১ মে রায়পুর ল্যাংড়া বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে লিমনকে আটক করে পুলিশ। তার শরীরে তল্লাশি করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় একই দিন রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) জামশেদ আহমেদ মাদকদ্রব্য আইনে লিমনের বিরুদ্ধে মামলা করেন। পরদিন তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
আইনজীবী বলেন, ২০১৮ সালের ২৩ জুন মামলার তদন্ত শেষে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আ ন ম এরশাদ দৌলা আদালতে লিমনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত এ রায় দেন।