নোয়াখালী সংবাদদাতা
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২ ১২:১৪ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২ ১২:৪৮ পিএম
ফাইল ছবি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে এক যুবককে হত্যার পর মাটিচাপা দেওয়ার অভিযোগে তার বাবা ও ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন--বশির হোসেন বাবুল মিয়া ও তার ছেলে এমাম হোসেন।
বেগমগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে জেলার পুলিশ সুপার শহীদুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের লালপুর গ্রামে বাড়ির পাশের পুকুর পাড়ে মাটি খুঁড়ে বুধবার সন্ধ্যায় শাকিলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার শহীদুল ইসলাম আরও বলেন, শাকিল মাদকাসক্ত ছিল। মাদক সেবনের টাকার জন্য ৪ সেপ্টেম্বর রাতে শাকিল তার মা ফাতেমা বেগমকে মারধর করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় শাকিলের ভাই এমাম হোসেন তাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে বাবা ও ভাই মিলে শাকিলের মরদেহ পুকুর পাড়ে মাটিচাপা দিয়ে রাখেন।
ঘটনাটি জানাজানি হলে বুধবার সন্ধ্যায় পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ সুপার বলেন, এ ঘটনায় মামলা হবে।
প্রবা/ইউরি/এমজে