চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ২০:২৬ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৩ ২০:৩১ পিএম
ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে টিসিবির পণ্য। প্রবা ফটো
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছিল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্যের ৪৫টি প্যাকেজ। খবর পেয়ে স্থানীয়রা সেগুলো আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে এসে তা জব্দ করেন। শনিবার (২৫ মার্চ) সকালে উপজেলার শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলম ও হানিফ নামে দুজন টিসিবি পণ্যের ৪৫টি প্যাকেজ ভ্যানযোগে নিয়ে যচ্ছিল। শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় তাদের আটক করে স্থানীয়রা। তাদের অভেযোগ ইউনিয়নে পণ্য বিতরণে সংশ্লিষ্ট ডিলার অনিয়ম করছে। পরে ইউএনও এসে সেগুলো জব্দ করে। বিষয়টি নিশ্চিত করে ইউএনও আবুল হায়াত বলেন, ‘জনতার হাতে আটক টিসিবি পণ্যগুলো জব্দ করা হয়েছ। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
টিসিবির পণ্য বিতরণ করছে আনিকা ট্রেডার্সের নামে একটি প্রতিষ্ঠান। বিষয়টি জানতে স্বত্বাধিকারী হুসেইন শহিদকে মোবাইলে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা জানান, টিসিবি পণ্য বিতরণ শেষে কয়েকজন ব্যক্তির পণ্য একটি ভ্যানযোগে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে ৪৫টি প্যাকেজ জব্দ করেন।