মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ২২:১৮ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৩ ২২:৪৪ পিএম
দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে দুই টাকায় এক বক্স করে ইফতার বিতরণ করে আসছে তরুণদের সমন্বয়ে গঠিত 'দ্যা হেলপিং উইং' নামের একটি চ্যারিটি সংস্থা সদস্যরা। প্রবা ফটো
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২১ সাল থেকে প্রতি বছর রমজানে শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে দুই টাকায় এক বক্স করে ইফতার বিতরণ করে আসছে তরুণদের সমন্বয়ে গঠিত 'দ্য হেলপিং উইং' নামের একটি দাতব্য সংস্থা। এবারও সংগঠনটির উদ্যোগে শুরু হয়েছে ইফতার বিতরণ।
শুক্রবার (২৪ মার্চ) প্রথম রমজানে সংগঠনের উদ্যোগে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন চত্বরে শতাধিক ছিন্নমূল, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের হাতে দুই টাকার বিনিময়ে তুলে দেওয়া হয়েছে ইফতার বক্স।
দুই টাকায় ৭ পদের ইফতার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শারীরিক প্রতিবন্ধী শামীম মিয়া বলেন, 'দুই বছর ধরে প্রতিদিন দুই টাকায় ইফতার পেয়ে আসছি। বর্তমান বাজারে প্রতি প্যাকেট ইফতারের দাম কমপক্ষে ৫০-৬০ টাকা হবে। কিন্তু আমাদের জন্য তারা আয়োজন করছেন মাত্র দুই টাকায়। এর ফলে ভালো খাবারের স্বাদ পাচ্ছি।'
দ্য হেলপিং উইংয়ের শ্রীমঙ্গল কমিটির মডারেটর রিমু চৌধুরী বলেন, 'এ আয়োজন পুরোটা নির্ভর করে বিত্তবানদের কাছ থেকে প্রাপ্ত সাহায্যের উপর। ২০২১ সাল থেকে প্রতি বছর দুই টাকায় ইফতার, প্রতি ঈদে দুই টাকায় নতুন পোষাক, করোনাভাইরাস পাদুর্ভাবের সময়ে দুই টাকায় একবেলা খাবার ইত্যাদি কর্মসূচি পালন করে আসছি। যেহেতু আমাদের পুরো সেবা কার্যক্রম বিত্তবানদের সাহায্যের উপর নির্ভর করে, তাই শ্রীমঙ্গলের সামর্থ্যবানদের প্রতি অনুরোধ জানাচ্ছি বরাবরের মত অসহায় মানুষের সাহায্যা এগিয়ে আসুন।'