টাঙ্গাইল সংবাদদাতা
প্রকাশ : ২৭ জুন ২০২২ ১৯:৪৭ পিএম
দুইভাইসহ ৪ জনের যাবজ্জীবন
টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে খুনের মামলায় দুই সহোদর ভাইসহ চার জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৭ জুন) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন। রায়ে দন্ডিত প্রত্যেক আসামীকে বিশ হাজার টাকা করে আর্থিক জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার রাম জীবনপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে সেজনু মিয়া ও মিজানুর রহমান, ফয়জ উদ্দিনের ছেলে মনছুর আলী, গঙ্গাবর গ্রামের মৃত মো. আলী ফকিরের ছেলে জামাল ফকির। মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় ১১ আসাসীকে খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামী সেজনু মিয়া পলাতক রয়েছেন। তিন আসামীর উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়েছে।
মামলার এজাহারে জানা গেছে, ২০০৪ সালের ৩০ ডিসেম্বর টাঙ্গাইলেল ধনবাড়ী উপজেলার রাম জীবন পুর গ্রামের একটি জমির দখল নিতে দণ্ডপ্রাপ্তরা অনধিকার প্রবেশ করে ও হাল চাষ করতে থাকে। এসময় আব্দুর রহিম তাদের জমিতে হাল চাষের কারণ জানতে চাইলে দন্ডপ্রাপ্তরা আব্দুর রহিমকে পিটিয়ে আহত করে। পরে রহিমের ছেলে ও এলাকাবাসী উদ্ধার করে প্রথমে মধুপুর হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যায়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মো. সুলতান বাদী হয়ে ধনবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি মো. খোরশেদ আলম ও হাসিমুল আক্তার।
আসামী পক্ষের আইনজীবি ছিলেন যাইদ হাসান খান বাবু মো. দবির উদ্দিন ভুইয়া ও মো. নাদিম উদ্দিন নিউটন।