নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ১৩:৩৬ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৩ ১৩:৫০ পিএম
নওগাঁ জেলা প্রশাসকের উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রবা ফটো
ড্রাইভিং লাইসেন্স গ্রহণকারীদের ভোগান্তি নিরসনে নওগাঁ জেলা প্রশাসকের উদ্যোগে এক দিনেই ড্রাইভিং লাইসেন্স ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
এ সময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর কার্যক্রম আরও গতিশীল করতে এবং সেবা গ্রহীতাসহ সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নওগাঁয় সারাদেশের ন্যায় একই দিনে ড্রাইিভিং লাইসেন্স ও বায়োমেট্রিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বিআরটিয়ের মোটরযান ইন্সপেক্টর ফয়সাল হাসান জানান, একই দিনে ড্রাইভিং লাইসেন্স ও বায়োমেট্রিক কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে সাধারণ মানুষের দীর্ঘ দিনের ভোগান্তি লাঘব হবে। সেবা গ্রহীতারা অনলাইনের মাধ্যমে আবেদন করে ব্যাংকে সরকারি ফি জমা দিবেন এবং এক দিনই বিআরটিয়ের অফিসে যাবেন। ওই দিনই ড্রাইভিং লাইসেন্স ও বায়োমেট্রিক কার্যক্রম শেষ করে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। লিখিত, মৌখিক এবং ফিল্ড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হলে সেবা গ্রহীতার ড্রাইভিং লাইসেন্স তৈরি হয়ে যাবে।
তিনি আরও জানান, লাইসেন্স তৈরি হলে সেন্ট্রাল সার্ভার থেকে তার ফোনে একটি মেসেজ যাবে। ম্যাসেজ যাওয়ার পর সেদিনই লাইসেন্স উত্তোলণ করতে পারবেন।
এ ছাড়া সরকারি ফি দেওয়ার মাধ্যমে বাড়িতে বসে লাইসেন্স গ্রহণ করাও সম্ভব। ফি প্রদান এবং সঠিক ঠিকানার মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে বসেই লাইসেন্স নেওয়া যাবে।
বিআরটিয়ের সহকারী পরিচালক (এডি) হারুন উর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন। এ ছাড়া ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) বিকর্ন কুমার চৌধুরী, ডা. আশিষ কুমার সরকারসহ জেলা প্রশাসন, পুলিশ বাহিনী এবং বিআরটিয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে নওগাঁয় পেশাদার ও অপেশাদার মিলিয়ে ২২৫ জন সেবা গ্রহীতার ড্রাইভিং লাইসেন্স এবং বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করা হয়।