টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ১১:৪৯ এএম
আপডেট : ১৬ মার্চ ২০২৩ ১২:১০ পিএম
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট। প্রবা ফটো
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ ও চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে ১৮ কিলোমিটার এলাকাজুড়ে এ যানজটের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পুলিশ ও যাত্রীদের।
বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী পৌলি পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মধ্যরাত থেকে যানবাহনের চাপ বেড়ে গেছে। এ ছাড়া চালকরা বেপরোয়া গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়েছে। থেমে থেমে চলছে যানবাহন। আমরা সড়কে দায়িত্ব পালন করছি। দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।’
নওগাঁগামী ট্রাকের চালক লুৎফর রহমান বলেন, ‘পৌলি থেকে এলেঙ্গা পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক আসতে প্রায় ১ ঘণ্টা সময় লেগেছে। সামনের গাড়ি টানে না। বসে থাকতেও ভালো লাগছে না। কিছুদূর গাড়ি এগোলেও সামনে গিয়ে আবার থেমে যাচ্ছে।’