লালমাই উপজেলা পরিষদ নির্বাচন
কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ১০:৩৯ এএম
আপডেট : ১৬ মার্চ ২০২৩ ১৩:০৪ পিএম
ভাবকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতরে সকালে ভোটারের উপস্থিতি তেমন দেখা যায়নি। প্রবা ফটো
কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় ইভিএমে ভোট শুরু হয়েছে। কেন্দ্রের বাইরে মানুষের জটলা দেখা গেলেও ভেতরে ভোটার উপস্থিতি নেই বললেই চলে।
সকালে লালমাইয়ের ভাবকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাপাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এমন চিত্র দেখা গেছে।
ভাবকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, কেন্দ্রের বাইরে অনেকে জটলা বেঁধে আছে। কিন্তু ভেতরে ফাঁকা। সকাল সাড়ে ৯টা পর্যন্ত নয়টি বুথে মোট চারটি ভোট পড়েছে। এ কেন্দ্রে ভোটার ৩ হাজার ৫৯৬ জন।
তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবদুল মোতালেব অভিযোগ করেন, ‘আমাদের এজেন্টকে প্রতিপক্ষের লোকজন কেন্দ্র থেকে বের করে দিয়েছে।’
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মোহন মিয়া বলেন, ‘কেন্দ্রে আসা কাউকে বের করে দেওয়ার ঘটনা ঘটেনি। কেন্দ্রে কেউ না এলে আমাদের কিছুই করার থাকে না।’
এদিকে কাপাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র অনেকটাই ফাঁকা দেখা গেছে। কেন্দ্রে মোট চার-পাঁচ জন ভোটারের উপস্থিতি দেখা গেছে।
প্রিসাইডিং কর্মকর্তা কামাল হোসেন বলেন, ‘এখানে ভোটার ৩ হাজার ৬৫৪ জন। আমরা তেমন কোনো ভোটার দেখছি না। আশা করি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে।’
প্রসঙ্গত, কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ, বরুড়ার শিলমুড়ি উত্তর ও দক্ষিণ, দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ চলছে।