পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ১৮:৪৫ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৩ ১৯:৪৭ পিএম
মঙ্গলবার বাংলাবান্ধায় বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো
সীমান্ত হত্যা বন্ধ, মাদকদ্রব্য পাচার রোধ, চোরাচালান বন্ধ, অবৈধভাবে সীমান্ত পারাপার, কাঁটাতারের বেড়া কেটে ফেলাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) পঞ্চগড়-১৮ বিজিবির আয়োজনে বাংলাবান্ধা স্থলবন্দরের সভাকক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পশ্চিমবঙ্গ রাজ্যের কিষানগঞ্জ সেক্টরের ডিআইজি শ্রী সি ডি আগারওয়াল।
সভায় বিজিবির পক্ষে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর, পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুল হক, ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ, দিনাজপুর-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুজ্জামান, রংপুর রিজিয়ন সদর দপ্তরের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর নঈম রেজভীসহ পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসএফের পক্ষে পশ্চিমবঙ্গ রাজ্যের কিষানগঞ্জ সেক্টরের কমানড্যান্ট-স্টাফ অফিসার শ্রী আই কে ওয়ালদে, বিএসএফের ১৭৫ ব্যাটালিয়নের কমানড্যান্ট শ্রী আর জে হাজদাহ, ৭২ ব্যাটালিয়নের কমানড্যান্ট শ্রী সন্দীপ কুমার ক্ষত্রী, স্টাফ অফিসার শ্রী পারামজিত সিং, স্টাফ অফিসার শ্রী গুরদীপ লাল, স্টাফ অফিসার শ্রী সত্যদয় কুমারসহ বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।