বগুড়া অফিস
প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১০:১১ এএম
আপডেট : ১৩ মার্চ ২০২৩ ১২:৩৩ পিএম
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিস। প্রবা ফটো
বগুড়ার নন্দীগ্রামে পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ তিন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন নন্দীগ্রাম পৌর এলাকার দামগাড়া গ্রামের আবু তালেবের ছেলে অটোরিকশাচালক হেফজুল ইসলাম, নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মিনহাজুর রহমান ও ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আব্দুল আলিম।
এসপি হাবিবুর রহমান বলেন, ‘সিনএনজিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে নন্দীগ্রাম থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এলে নাটোরগামী একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে বাহনটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই চালক ও দুই যাত্রী মারা যান। আহত হন আরও তিন যাত্রী।’
পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনি বিষয় প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।