রাজশাহী প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৩ ১৫:৪৭ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৩ ১৬:১৭ পিএম
প্রতীকী ছবি
রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার অভিযানে ৮টি স্বর্ণের বারসহ এক কৃষিশ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ওই যুবকের নাম কামরুজ্জামান। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বকচর এলাকার আব্দুল মান্নানের ছেলে।
শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে গোদাগাড়ী সরকারি কলেজের সামনের সড়কে অভিযান চালিয়ে কামরুজ্জামানের কাছ থেকে ওই বারগুলো উদ্ধার করা হয়। তিনি স্বর্ণের বারগুলো একটি ইজিবাইকে করে নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার উপপরিচালক জিল্লুর রহমান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা গোদাগাড়ী কলেজের সামনের সড়কে অভিযান চালাই। এ সময় একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে চাঁপাইনবাবগঞ্জের এক যুবকের কাছ থেকে স্বর্ণের বার সাদৃশ্য ৮টি ধাতু উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা মাদকদ্রব্য উদ্ধার নিয়ে কাজ করি। পরে হেড কোয়ার্টারের নির্দেশনা মোতাবেক স্থানীয় থানাকে অবগত করা হয়। থানা কর্তৃপক্ষ জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটকে (স্থানীয় এসিল্যান্ড) নিয়ে এলে তাদের উপস্থিতিতে স্বর্ণকারদের দিয়ে ওই বারগুলো পরীক্ষা করা হয়। সেখানে দেখা যায়, ধাতুগুলো স্বর্ণ এবং যার মোট ওজন হয় ৮০ ভরি। পরে আমরা আটক যুবককে গোদাগাড়ী থানায় হস্তান্তর করি। এ বিষয়ে থানা কর্তৃপক্ষ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করবে।’
গোদাগাড়ী থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার জানান, ওই যুবক স্বর্ণের বারগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।