নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ২১:১০ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৩ ২২:২৪ পিএম
ঘটনাস্থলের সিসি ক্যামেরার ভিডিও চিত্র। প্রবা ফটো
নারায়ণগঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলার সাধারণ সম্পাদক ডা. বিধান পোদ্দারের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যার এই ঘটনায় ভুক্তভোগী ডা. বিধান পোদ্দার নারায়ণগঞ্জ মডেল থানায় আটজনকে আসামি করে মামলা করেছেন।
তিনি অভিযোগ করেছেন, এর আগের দিন বুধবার (১ মার্চ) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের নির্বাচনের প্রচারণার সময় নারায়নগঞ্জের গণগ্রন্থাগারে হামলার শিকার হন।
ঘটনাস্থলের সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলনসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় চিকিৎসক নেতা এবং সাধারণ চিকিৎসকসহ সিনেটের ভোটাররা গণগ্রন্থাগারের সামেনের উদ্যানে সমবেত হচ্ছিলেন। এসময় ডা. বিধান পোদ্দার তার ব্যক্তিগত গাড়ি নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করতে গণগ্রন্থাগারে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ওপর হামলা করেন ডা. আতিকুজ্জামান সোহেল ও তার অনুসারীরা। পরে চিকিৎসক ও স্থানীয়দের সহযোগিতায় ডা. বিধান পোদ্দারকে উদ্ধার করা হয়।
এই বিষয়ে হামলার শিকার ডা. বিধান পোদ্দার বলেন, ‘হামলাকারী ডা. আতিকুজ্জামান সোহেলের সঙ্গে বিগত কয়েক বছর কোথাও কোনো কথা বা দেখাও হয়নি। সর্বশেষ বিএমএ নির্বাচনে তিনি আমার নির্বাচনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই। ঘটনার দিন আমি গণগ্রন্থাগারে পৌছানো মাত্র ডা. সোহেল, ডা. নিজাম ও ডা. অলোকসহ বেশ কয়েকজন আমার ওপর হামলা করে।’
তিনি বলেন, ‘আমাকে যেভাবে হামলা করা হয়েছে আমার কাছে মনে হয়েছে হত্যার পরিকল্পনা করেই তারা এই হামলা করেছেন। আমি একজন সরকারি চিকিৎসক। আমি আইনের প্রতি আস্থাশীল। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করছি।’
এ ব্যাপারে অভিযুক্ত আতিকুজ্জামান সোহেলকে একাধিকবার কল করলে তিনি রিসিভ করেননি এবং পরে মোবাইল বন্ধ পাওয়া যায়।
এই ঘটনায় বেশ কিছু চিকিৎসক ক্ষোভ প্রকাশ করে বলেন, অনুষ্ঠান বানচালের নীল নকশার অংশ হিসেবে জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. বিধান পোদ্দারকে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন ও অন্যদের সামনে আক্রমণ করে জখম করে।
এই বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, ‘হামলার শিকার স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. বিধান পোদ্দার বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতপরিচয় ছয়জনকে আসামি করে মামলা করেছেন। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।’