× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিকটক বানাতে গিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আটক ১৯

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ১২:৩০ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৩ ১৪:৩৪ পিএম

সংঘর্ষে নিহত হয়েছেন সাইফুল ইসলাম। প্রবা ফটো

সংঘর্ষে নিহত হয়েছেন সাইফুল ইসলাম। প্রবা ফটো

সুনামগঞ্জের ছাতকে টিকটক ভিডিও বানানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের ১৯ জনকে আটক করেছে।

বুধবার (১ মার্চ) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত ছাতকের সুরমা ব্রিজের গোলচত্বর এলাকায় ভাসখালা ও মুক্তিরগাঁও গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের নাম সাইফুল ইসলাম। মুক্তিরগাঁও গ্রামের বাসিন্দা তিনি।

ছাতক সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রনজয় চন্দ্র মল্লিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ছাতকের সুরমা ব্রিজের গোলচত্বর এলাকায় কয়েক তরুণ-তরুণী টিকটক ভিডিও তৈরি করছিলেন। এ সময় ভাসখালা গ্রামের রাজ্জাক, মান্নাসহ কয়েকজন তাদের বাধা দেন। এ নিয়ে সেখানে থাকা মামুনের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে মামুনকে ছুরিকাঘাত করা হয়। এর জেরে দুই গ্রামের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। থেমে থেমে রাত ১১টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়। সংঘর্ষ চলাকালে ছাতক-গোবিন্দগঞ্জ-দোয়ারাবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় সংঘর্ষকারীরা গোলচত্বর এলাকায় বেশ কয়েকটি দোকান, একটি পিকআপ ভ্যান, একটি মোটরসাইকেলে ভাঙচুর চালায়।

ছাতক সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রনজয় চন্দ্র মল্লিক বলেন, ‘সংঘর্ষে গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সাইফুল ইসলাম নামে একজন মারা যান। অন্য গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সংঘর্ষের ঘটনায় ১৯ জনকে আটক করা হয়েছে। ছাতক ও দোয়ারাবাজার থানা পুলিশ শতাধিক রাউন্ড ফাঁকাগুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা